কাউনিয়া উপজেলার তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নেপালি শিক্ষার্থী পবন কেসি ক্ষেত্রির লাশ তিন দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রবিবার রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ওসি জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ইসাহাক ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।আইনি প্রক্রিয়া শেষে লাশটি রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার কলেজের সাত শিক্ষার্থী তিস্তা সড়ক সেতু পাড়ে বেড়াতে আসেন। এ সময় তারা একটি নৌকা ভাড়া করে তিস্তা নদীতে ঘুরতে বের হন। একপর্যায়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এদের মধ্যে দুইজন সাঁতরে তীরে আসতে পারলেও স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে। তবে গতকালের পূর্বে পবন কেসি ক্ষেত্রির কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিস্তা নদীতে উদ্ধার অভিযান শুরু করলে গতকাল তার লাশ উদ্ধার করা হয়।
