পশ্চিমা দেশগুলোতে নিজের খরচে পড়ালেখা করাটা কখনোই সহজসাধ্য কোনো বিষয় নয়। আর তাই যেসব শিক্ষার্থী পরিবারের সহায়তা ছাড়া অনেকটা নিজেদের চেষ্টাতেই পড়ালেখা আর জীবন যাপনের খরচ নির্বাহের কাজটি করেন তাদের জন্য এই কাজটি সবসময়ই চ্যালেঞ্জিং। অথচ এমনতর কঠিন জীবনের মাঝে বসবাস করেও সম্প্রতি সততার অন্যরকম এক দৃষ্টান্ত তৈরি করেছে আমেরিকার নিউ ইয়র্কের তিন শিক্ষার্থী। গেল মার্চের শেষ দিকে এই তিন শিক্ষার্থী তাদের বাসস্থানের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান থেকে মাত্র বিশ ডলারে একটি সোফা কেনেন। তবে বাসায় যাবার পর সোফাটি ঠিক জায়গায় রাখতে গিয়েই সোফার পেছনের দিকে লুকানো একটি খামে মোট ৪০,০০০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লক্ষ টাকার সন্ধান পান রিজ, ক্যালি ও লারা নামের এই তিন শিক্ষার্থী। খামের ওপর এর মালিকের নাম বেশ স্পষ্ট করে লেখা থাকলেও প্রথমটায় এই টাকা নিয়ে ঠিক কী করা হবে বা আদৌ এটির মালিককে খোঁজার চেষ্টা করা হবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন তারা। তবে শেষ পর্যন্ত নিজেদের মাঝে থাকা শুভবোধের বিজয় ঘটিয়েই তারা খুঁজে বের করেন সোফার মাঝে থাকা টাকার মালিক সেই বিধবা মহিলাকে। তারা জানতে পারেন যে, ৯১ বছর বয়সী বিধবা ওই মহিলার অজ্ঞাতেই তার কয়েকজন আত্মীয় সোফাটি একটি দাতব্য প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছিলেন। তবে ঘটনাচক্রে নাম প্রকাশ না করা ওই বিধবা যখন এতোগুলো টাকা হাতছাড়া হয়ে যাবার পরও তা আবার ফেরত পান তখন তিনি নিজেও যেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না। এমনকি এই ঘটনায় তিনি এতোটাই আবেগাপ¬ুত হয়ে পড়েছিলেন যে তিনি এটিকে তার প্রিয়জনের সাথে আরেকবার দেখা হওয়ার সাথেও তুলনা করেন। এ ছাড়া ঠিক সততার প্রতিদান না হলেও, শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসার কিছুটা বহিঃপ্রকাশ ঘটাতেই ফেরত পাওয়া টাকা থেকে এক হাজার ডলার ওই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
