এ ক্স ক্লু সি ভ কা ন চ ল চ্চি ত্র উ ত্ স ব ২ ০ ১ ৪

কানে বলিউড শো-ডাউন

আপডেট : ১৯ মে ২০১৪, ২১:১৮
পার্টি গার্ল ছবিটির ওপেনিং শো দেখে বের হলাম। কানে এবার যতগুলো ছবি এসেছে তারমধ্যে এই ছবিটি সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন, মেরি আমাশকেলি, ক্লেয়ার বার্গার ও স্যামুয়েল থেইস নামের তিনজন পরিচালক। এরমধ্যে ফ্রান্সে ভারতীয় দূতাবাসের একজন কূটনীতিকের ফোন, ‘স্বপন, জলদি আসো তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেবো।’ ভারতীয় প্যাভিলিয়নে গিয়ে যার সাথে পরিচিত হলাম, তার পরিচয় দিতে নাম বলার কোনো প্রয়োজন নেই। তার পরিচালিত ছবি বলিউড ফিল্ম ইতিহাসে সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘শোলে’, ‘সীতা অর গীতা’, ‘শক্তি’ তার প্রযোজিত ছবি। তিনি রমেশ সিপ্পি। যাই হোক আগামী দিন রমেশ দাকে নিয়ে লিখব। তার আগে গতকালের কানের মূল আলোচনায় ছিলেন ঐশ্বরিয়া রায়। তিনি প্লেন ধর্মঘটের জটিলতায় আসতে বিলম্ব করেছেন। কিন্তু তাতে কি! একটা প্রসাধনী সামগ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানে নামতেই ফ্রিদা পিন্টো থেকে শুরু করে হলিউড তারকা নির্মাতা ও মিডিয়া যেন তার ওপর হুমড়ি খেয়ে পড়লেন। এর বাইরে একটি ছবি নিয়ে প্রেস কনফারেন্সে সেক্স সিম্বল পামেলা অ্যান্ডারসন তার পুরোনো কাসুন্দি ঘেঁটে সবার আলোচনায় চলে এলেন। সেই যে ১২ বছর বয়সে পামেলা ধর্ষিত হয়েছিলেন, সেই গল্প আবারও টানলেন সবার নজর কাড়তে। কিন্তু পামেলার নজর কাড়ার গল্পও যেন ঐশ্বরিয়ার কানে পদার্পণের কাছে ম্লান হয়ে গেল। অ্যাশ এ উত্সবের নিয়মিত সদস্য। তাকে নিয়ে তাই সবার আগ্রহটা বাড়তি। অনদিকে তার আগের দিন আর্মির গাড়ি বহরে আমেরিকান ফিল্মের মহড়ার পর এবারে বলিউড মুভিগুলোর কী করে মহড়ায় আনা যায় তা ভাবা হচ্ছে। আমাদের দেশের ‘শুনতে কি পাও’ ছবিটির তরুণ পরিচালক কামরানও উত্সুক ছবি তোলার ক্ষেত্রে। সবমিলিয়ে গেল দিন পুরোটাই যেন ছিল বলিউড মুভির দখলে।