উন্নয়নের স্বার্থে মমতাকে পাশে চান মোদী

আপডেট : ১৯ মে ২০১৪, ২১:৫৭
আগামী বছর কলকাতা পৌরসভা নির্বাচন এবং ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকেই প্রধান রাজনৈতিক বিকল্প করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু রাজনীতিই নয় পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যের উন্নয়নে এক সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সে কারণে মমতাকে রাজধানীতে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মোদী। — আনন্দবাজার পত্রিকা। গুজরাট ভবনে পশ্চিমবঙ্গের উন্নয়ন ভাবনা নিয়ে কথা প্রসঙ্গে মোদী বলেন, ৩৪ বছরে সিপিএম কেন্দ্রের থেকে যে সহায়তা পায়নি, গত তিন বছরে মমতা ব্যানার্জি যে সাহায্য পাননি, আমি পশ্চিমবঙ্গকে তার থেকে বেশি সহায়তা দিতে চাই। উন্নয়ন নিয়ে কোনও রাজনীতি নয়। কেন্দ্রও রাজ্যের ভিতরে জটিলতা নিরসনের জন্য আলোচনা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানাচ্ছি। মোদী আরো জানান, প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই তিনি সুসম্পর্ক চান। যুক্তরাষ্ট্রীয় ভারত গঠন সহজ করতে এবং সাংবিধানিক সম্পর্কের হারানো গৌরব ফেরাতে তিনি আগ্রহী। নির্বাচনী প্রচারের সময়ও মোদী একবার বলেছিলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নটা তিনি করতে চান রাজ্যের মানুষের জন্য। এটা কোনও দল বা সরকারের ব্যাপার নয়। তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক বিরোধ যাই থাকুক, উন্নয়নের প্রশ্নে তিনি আপস করবেন না। প্রধানমন্ত্রী পদে আসীন হতে যাওয়ার প্রাক্কালেও নিজের অবস্থানে অনড় রয়েছেন মোদী। পশ্চিমবঙ্গের উন্নয়নে মমতার সাথে এক সাথে কাজ করতে মোদী ইচ্ছা প্রকাশ করলেও মমতার পক্ষ থেকে এখনো উত্তর আসেনি। নরেন্দ্র মোদীর দল বিপুল ভোটে জয়লাভের পরও তাকে শুভেচ্ছা জানাননি মমতা ব্যানার্জি। তবে এও ঠিক, মোদীর জয়ের পর তার বিরুদ্ধে নতুন করে কোন বিবৃতিও দেননি মমতা।