লিবিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনে বিমান বিধ্বংসী অস্ত্র ও রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও অধিবাসীরা।
অস্ত্রধারী দলটির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে লিবিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল খলিফা হাফতার বলেছেন, তার নিয়মিত বাহিনী মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে প্রচারাভিযানের আওতায় এ হামলা চালিয়েছে।
দলটির মুখপাত্র মোহাম্মদ আল হেজাজি বলেছেন, তারা লিবিয়ান ন্যাশনাল আর্মির সদস্য। হাফতারের অনুগত অনিয়মিত বাহিনীর নাম ব্যবহার করে তিনি একথা বলেন। পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে এবং বন্দুকধারীরা পার্লামেন্টে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সংবাদদাতারা। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বন্দুকধারীরা কংগ্রেস থেকে দুইজনকে অপহরণ করেছে। আইনপ্রণেতা ওমর বুশাহ রয়টার্সকে বলেন, বন্দুকধারীরা জেনারেল ন্যাশনাল কংগ্রেসে হামলা করেছে। আইনপ্রণেতাদের কার্যালয় তছনছ করেছে এবং ভবনে আগুন দিয়েছে। পার্লামেন্টের বাইরে তুমুল লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। সহিংসতার কারণে দোকানপাট বন্ধ করে ফেলা হয়েছে। লোকজন ভয়ে ছুটাছুটি করছে।
শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে অনিয়মিত সেনাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হওয়ার পর রবিবার এ লড়াই শুরু হলো। আগেও ত্রিপোলির সংঘর্ষ বেনগাজিতে ছড়িয়ে পড়েছিল। গত নভেম্বরে জঙ্গি ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়।
