ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ রবিবার বলেছেন, চলতি সপ্তাহে এক দফা জটিল আলোচনা সত্ত্বেও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের একটি পরমাণু চুক্তি এখনো ‘সম্ভব’। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ বিরোধের উদাহরণ টেনে জারিফ তার টুইটারে বলেন, ‘উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সম্ভব। তবে বিভ্রান্তি দূর হওয়া প্রয়োজন। ২০০৫ সালের মতো সুযোগ নষ্ট করা উচিত হবে না।’ শুক্রবার ভিয়েনায় ইরান ও বিশ্বের শক্তিধর ছয় দেশগুলোর মধ্যকার চতুর্থ দফা পরমাণু আলোচনা শেষ হয়েছে। এতে ‘উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি’। পি৫+১ গ্রুপ নামে পরিচিত ব্রিটেন, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানি চায় ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করে দিক। যাতে করে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে।
