কলম্বিয়ায় একটি বাসের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে মারা গেছে ৩১ শিশু। এ ঘটনায় এক ব্যক্তিও মারা গেছেন। এছাড়া আহত হয়েছে আরো ২৫ জন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। রবিবার চার্চের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
আগুনে পুড়ে যাওয়া মৃতদেহগুলোকে দাঁতের রেকর্ড থেকে সনাক্ত করা হয়। রাজধানী বোগোটা থেকে ৭৫০ কিলোমিটার উত্তরের শহর ফান্ডাসিওনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বাসটিতে আগুন লাগার পর ১৮ জন মানুষ নিজেদের রক্ষা করতে সক্ষম হন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। বাসটির ভেতরে পেট্রোল বোঝাই টিনের বড় জার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাসটি যান্ত্রিকভাবে ত্রুটিপূর্ণ ছিল। আর ইঞ্জিন চালু করা মাত্রই সেটিতে আগুন ধরে যায়। বাসটির চালক অক্ষত রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একটি বেসরকারি পরিবহন কোম্পানির এই বাসটি শিশুদের স্কুল থেকে আনা-নেয়ার জন্য চলতি সপ্তায় ভাড়া করা হয়েছিল। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
