নিখোঁজ বিমান নিয়ে নতুন তত্ত্ব!
রহস্যের জাল ছড়িয়ে দু’মাস আগে নিখোঁজ মালয়েশীয় বিমানটিকে এক সামরিক মহড়ার সময় গুলি করে ভূপাতিত করা হয়েছিল বলে একটি বইয়ে দাবি করা হয়েছে। নতুন এই তত্ত্ব নিয়ে হাজির হলেন যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলো-আমেরিকান সাংবাদিক নাইজেল ক্যাথর্ন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-থাইল্যান্ড যৌথ মহড়ার সময় মালয়েশিয়ার ঐ বিমানটিতে গুলি লাগে। ক্যাথোমের এই বই নিয়ে ইতিমধ্যে অসন্তোষ জানিয়েছে নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনরা। তারা বলছেন, বিমানটির আসলে কী হয়েছিল, তা নিশ্চিত হওয়ার আগে এই ধরনের বই লেখার মানে কী?—রয়টার্স
আইভরির মজুত ধ্বংসের উদ্যোগ
বিশ্বের অনেক উন্নত দেশ হাতির দাঁত বা আইভরি এবং তা দিয়ে বানানো পণ্যের কেনাবেচা নিষিদ্ধ করেছে। সমপ্রতি বিশ্বব্যাপী বন্য হাতি সংরক্ষণ ও আইভরির অবৈধ ব্যবসা বন্ধে আরো একটি উদ্যোগ নিয়েছে হংকং। দেশটির সরকার তাদের কাছে থাকা অবৈধ আইভরির বিশাল মজুদের প্রায় পুরোটাই পুড়িয়ে ফেলার উদ্যোগ নিয়েছে। কিন্তু পূর্ব এশিয়ায় আইভরির চাহিদা যেভাবে বাড়ছে। তাতে আফ্রিকার বন্য হাতি বাঁচানোর উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে সেটাই আসল কথা।—বিবিসি
সুমাত্রা দ্বীপে ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, উপকূলীয় বান্দা আচেহ শহরের ৩শ’ কিলোমিটার পশ্চিমে আঘাত হানা ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল ৯ কিলোমিটার গভীরে। রবিবার স্থানীয় সময় সকাল সাতটায় এটি আঘাত হানে। দেশটিতে ২০০৪ সালে ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামিতে এক লাখ ৭০ হাজার লোক প্রাণ হারায়। যার অধিকাংশই আচেহ প্রদেশের।—এএফপি
