ব্রিটেনে স্থানীয় সরকার নির্বাচন
২২ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচন। এদিন ৩২টি লন্ডন বারাসহ দেশব্যাপী মোট ১৬১টি এলাকায় মেয়র, কাউন্সিলর এবং ইউরোপীয়ান পার্লামেন্ট সদস্য (এমইপি) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে শুধুমাত্র লন্ডনের পারাগুলোতেই দেড় শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক প্রার্থী হয়েছেন। এর মধ্যে শুধু পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস পারাতেই প্রার্থী হয়েছেন ৮২ জন। এ পারায় ১০ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে ৪ জনই বাঙালি। এছাড়া এমইপি পদে একজন বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনের আগে ব্রিটেনের এ স্থানীয় সরকার নির্বাচনকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন, উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ এবং বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনের আগে দলগুলো এ নির্বাচনকে তাদের শক্তি অর্জনের শেষ সুযোগ হিসেবে বিবেচনা করছে।
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস পারায় সবচেয়ে বেশি বাঙালির বসবাস। এখানকার মোট ২ লাখ ৫৬ হাজার বাসিন্দার প্রায় ৮১ হাজারের বেশি (৩২ শতাংশ) বাংলাদেশি বংশোদ্ভূত। আর ১ লাখ ৮৫ হাজার ভোটের মধ্যে ৫৮ হাজারের বেশি রয়েছে বাঙালি ভোট। স্বাভাবিক কারণেই টাওয়ার হ্যামলেটসের যে কোনো নির্বাচনে বাঙালিরা অন্যরকম গুরুত্ববহন করে। এ পারার বর্তমান নির্বাহী মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুতফুর রহমান এবং এমপি সিলেটের বিশ্বনাথে জন্মগ্রহণকারী রুশনারা আলী। লুতফুর রহমান ২০১০ সালে লেবার দল ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। এবার তিনি তার নিজের গঠিত দল ‘টাওয়ার হ্যামলেট্স ফার্স্ট’ থেকে মেয়র পদে প্রার্থী হয়েছেন। তার সমর্থনে তিনি ৪৫টি কাউন্সিলর পদে প্রার্থী দিয়েছেন, যার মধ্যে ৩৮ জনই বাংলাদেশি বংশোদ্ভূত। অন্যদিকে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছে ২৩ জন বাঙালি।
এছাড়া ক্ষমতাসীন কনজারভেটিভ দল ৬ জন এবং লিবারেল ডেমোক্রেট দল ৫ জন বাঙালিকে এ পারায় কাউন্সিলর পদে প্রার্থী করেছে। পিস পার্টি এবং ট্রেড ইউনিয়ন থেকে প্রার্থী হয়েছেন ১ জন করে। আর স্বতন্ত্র হিসেবে লড়ছেন আরো ২ জন। এদিকে স্থানীয় সরকারের সবচেয়ে ক্ষমতাধর পদ- নির্বাহী মেয়র পদে বর্তমান মেয়র লুতফুর রহমান ছাড়াও আরো ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। এরা হলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী সোয়েব, ব্যবসায়ী খোয়াজ আলী এবং মাওলানা আব্দুল কাদির। এছাড়া সবকটি রাজনৈতিক দল এ বারায় মেয়র পদে প্রার্থী দিয়েছে। তবে বর্তমান বাঙালি মেয়র লুতফুর রহমান এবং লেবার দলের প্রার্থী জন বিগস এ দুজনের মধ্যেই নির্বাচনের আসল লড়াই অনুষ্ঠিত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
লন্ডনের অন্যান্য পারাগুলোর মধ্যে নিউহ্যামে ২২ জন, ক্যামডেনে ১১ জন, ক্রয়ডনে ৫ জন, ওয়েস্টমিন্সটারে ৯ জন, রেডব্রিজে ১৩ জন, ব্রেন্টে ১০ জন, হ্যারোতে ৫ জন এবং বার্কি এন্ড ডেগেনহ্যামে ২৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিভিন্ন দল থেকে কিংবা স্বতন্ত্র হিসেবে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। এছাড়া প্রথম কোনো বাঙালি হিসেবে এমইপি পদে মনোনয়ন পেয়েছেন জোনাব আলী। তিনি লেবার দলের পক্ষে সাউথ ওয়েস্ট ইংল্যান্ড আসন থেকে লড়বেন।
