সদর উপজেলার বেতাটী গ্রামের নূরুল ইসলামের ছেলে মেহেদী হাসান ইমরানকে (১৬) নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে রবিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এ বছর নেত্রকোনা সদর উপজেলার কান্দি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার বেতাটী গ্রামের ইমরান চলতি বছর দাখিল পরীক্ষা দিয়ে কাজের সন্ধ্যানে ঢাকা চলে যায়। মুন্সিগঞ্জের মোক্তারপুল শাহ সিমেন্ট কারখানায় শ্রমিকের কাজ নেয়। গত ১৩ মে রাতে স্থানীয় সমজিদে নামাজ পড়ে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। শনিবার নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের সামনের ড্রেনের পাশে এলাকাবাসী তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে সে তাদের কাছে বাড়ির ঠিকানা বলে। ইমরানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন রবিবার ইমরানকে সেখান থেকে এনে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
