সোনিয়া-রাহুলের পদত্যাগের প্রস্তাব, প্রত্যাখ্যান কংগ্রেসের

আপডেট : ১৯ মে ২০১৪, ২৩:০৫
গুজব সত্যি হলো। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে চরম খারাপ ফলাফলের দায় মাথায় নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলের সহ-সভাপতি রাহুল গান্ধী পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। তবে কংগ্রেস নেতারা সর্বসম্মতভাবে তাদের সেই পদত্যাগের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। নেতারা বলেছেন, ফল বিপর্যয়ের জন্য কেউ ব্যক্তিগতভাবে দায়ী নয়। গোটা দলই ব্যর্থতার ভাগীদার। ভোটের ফল প্রকাশের পর গতকাল সোমবার কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সোনিয়া এবং রাহুল পদত্যাগের ইচ্ছার কথা জানান। কিন্তু কোনো প্রকার চিন্তা-ভাবনা না করেই দলীয় সদস্যরা তাত্ক্ষনিকভাবে সেই ইচ্ছায় সায় দিতে অস্বীকৃতি জানান। কংগ্রেসের গতকালের বৈঠক ছিল সংবাদমাধ্যমের কাছে আগ্রহের বিষয়। মূলত ফলাফলের ‘পোস্ট-মর্টেম’ করার জন্য বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস নেতা ও পাঞ্জাবের সাবেক মুখমন্ত্রী অমরিন্দর সিং সাংবাদিকদের বলেন, ‘সোনিয়া ও রাহুল পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে ওয়ার্কিং কমিটি তা প্রত্যাখ্যান করেছে।’ শুক্রবার ঘোষিত লোকসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের শোচনীয় হারের পর থেকে মা সোনিয়া এবং ছেলে রাহুলের পদত্যাগের গুঞ্জন চলছিল। পরিবারতন্ত্রের রাজনীতি শেষ হওয়া উচিত বলে অনেক মহল থেকে মন্তব্য আসে। এমনকি যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকাতেও বলা হয়, কংগ্রেস যদি প্রকৃত বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে চায় তবে পরিবারতন্ত্র থেকে বের হওয়ার বিষয়টি ঘনিষ্টভাবে চিন্তা করা উচিত। এবার লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪ আসনে জয় পেয়েছে টানা ১০ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস। এটা ভারতের প্রাচীনতম দলটির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল। শোচনীয় পরাজয়ের পাশাপাশি লোকসভার প্রধান বিরোধী দল হওয়ার জন্য প্রয়োজনীয় এক-পঞ্চমাংশ আসন না পাওয়াও কংগ্রেসের নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রধান বিরোধী দলের স্বীকৃতি না পাওয়ার ঝুঁকিতেও রয়েছে দলটি। স্পিকারের উপর নির্ভর করছে বিরোধী দলের মর্যাদার বিষয়টি। কিন্তু তারপরেও সোনিয়া এবং রাহুলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জানান ওয়ার্কিং কমিটির সদস্যরা। অমরিন্দার সিং বলেন, আমরা দলে যে কয়েকজন নেতা পেয়েছি তাদের মধ্যে সোনিয়া-রাহুলই সেরা। তাদের এককভাবে দায়ী করেনি কোনো নেতা।