২৪ মে আইনজীবী মহাসমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া

আপডেট : ১৯ মে ২০১৪, ২৩:০৮
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আগামী ২৪ মে সুপ্রিম কোর্টে আইনজীবী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আইনজীবী চন্দন কুমার সরকারসহ সারাদেশে গুম, অপহরণ ও হত্যার প্রতিবাদে এই আইনজীবী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ও বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ এবং নারায়ণগঞ্জে সাত হত্যাসহ সারাদেশে গুম, অপহরণ ও হত্যার প্রতিবাদে সারা দেশের আইনজীবীদের নিয়ে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।