গতকাল সোমবার হঠাত্ আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত এটর্নি জেনারেল এমকে রহমানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে গতকালই রাষ্ট্রপতি তাকে অব্যাহতি দেওয়ার আদেশে স্বাক্ষর করেন। এমকে রহমান অতিরিক্ত এটর্নি জেনারেলের দায়িত্বের পাশাপাশি সফলভাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সমন্বয়কারীর দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাত্ তাকে কেন তার পদ থেকে অপসারণ করা হলো এ ব্যাপারে সরকারের কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালের মার্চ মাসে অতিরিক্ত এটর্নি জেনারেল হিসাবে এমকে রহমানকে নিয়োগ দেয়। গত বছরের ৩০ জানুয়ারি তাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।
