জাতীয় দলের নতুন কোচ হাতুরীসিংহ

আপডেট : ১৯ মে ২০১৪, ২৩:৩০
অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পূর্ণাঙ্গ কোচের নাম প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি জানিয়েছেন, শ্রীলঙ্কার কোচ চান্দিকা হাতুরুসিংহ বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন দুই বছরের জন্য। আগামী ১ জুলাই থেকে তার দায়িত্বকাল শুরু হলেও বিসিবির অনুরোধে জুনে অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে সিরিজের আগেই তিনি দল বুঝে নেবেন। বাংলাদেশের ১৩তম বিদেশি কোচ হিসেবে হাতুরুসিংহ’র নিয়োগটা একরকম নিশ্চিতই ছিল। সর্বশেষ কোচ শেন জার্গেনসেন চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে বাংলাদেশ যে কোচ অনুসন্ধান কমিটি করেছিল, কমিটি সদস্যরা এই শ্রীলঙ্কানকেই টার্গেট করেছিলেন। শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলা হাতুরুসিংহ কোচিং জীবনে বেশ সাফল্য দেখিয়েছেন। শুরু করেছিলেন আরব আমিরাতের কোচ হিসেবে। এরপর শ্রীলঙ্কা ‘এ’ দলের কোচ, মূল দলের ব্যাটিং কোচ, মূল দলের সহকারী কোচ, অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ, কানাডা জাতীয় দলের কোচ এবং বিভিন্ন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্সের এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করেন। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অত্যন্ত প্রিয় এই কোচকে ভবিষ্যত্ শ্রীলঙ্কান কোচ হিসেবেও দেখা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি। গতকাল এই খবর নিশ্চিত করে বিসিবি সভাপতি বলেছেন, তিনি ও বোর্ড আশা করেন যে, হাতুরুসিংহ ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের চ্যালেঞ্জ নিয়ে নিজের সুনাম রক্ষা করবেন এবং বাংলাদেশকে এগিয়ে দেবেন।