অমর শিল্পী আবদুল আলীম ও আবদুল লতিফকে স্মরণ

আপডেট : ১৯ মে ২০১৪, ২৩:৩৩
গানে কথায় লোকগানের অমর শিল্পী আব্দুল আলীম ও আব্দুল লতিফ স্মরণ অনুষ্ঠান হয়ে গেল গতকাল সোমবার। শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় গতকাল সোমবার সন্ধ্যায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে লোকগানের অমর সুরস্রষ্টা আব্দুল আলীম ও আব্দুল লতিফ স্মরণে আলোচনাসভা ও দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও লোকসংগীত সংগ্রাহক জনাব ইন্দ্রমোহন রাজবংশী ও বিশিষ্ট সংগীত শিল্পী নাদিরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাবউদ্দীন। সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘হলুদিয়া পাখি সোনারই বরণ’ ও ‘প্রেমের মরা জলে ডুবে না’ ২টি গান পরিবেশন করেন শিল্পী আবু বকর সিদ্দিক। এরপর একে একে ‘কত মজার কিস্সা কথা’ ও ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’ পরিবেশন করেন শিল্পী দিল আফরোজ রেবা। ‘আমারে সাজাইয়া দিও নওসার সাজন’ ও ‘আর কতকাল ভাসব আমি’ গেয়ে শোনান শিল্পী শেখ হেমায়েত। ‘উজান দেশের মাঝি ভাইধন ভাটির দেশে যাও’ ও ‘বিনা দোষে প্রাণবন্ধু গিয়াছে ছাড়িয়ারে’ পরিবেশন করেন অনিমা মুক্তি গোমেজ। ‘বধূর বাড়ি মধুপুর’ ও ‘যাকে ছেড়ে গেলাম’ পরিবেশন করেন শিল্পী আব্দুল করিম খান। এ ছাড়াও গান গেয়ে শোনান শিল্পী আজগর আলীম, বিমান চন্দ্র বিশ্বাস প্রমুখ। ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও কমল দাশগুপ্ত স্মরণানুষ্ঠান আজ মঙ্গলবার ও কাল বুধবার দিনব্যাপী আলাউদ্দিন খাঁ ও কমল দাশগুপ্ত স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বাঙালি সঙ্গীতজ্ঞ। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত। মূলত সরোদই তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেটসহ আরো অনেক বাদ্যযন্ত্রে তার যোগ্যতা ছিল অপরিসীম। এ গুণী শিল্পীর জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। আরেক বাঙালি গুণী সুরকার, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত। এ গুণীর জন্ম নড়াইলে। এ দুই গুণীকে নিয়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে উদ্বোধনী আজ সন্ধ্যায় সন্ধ্যায় আলাউদ্দিন খাঁ স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোবারক হোসেন খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শাহাদাত্ হোসেন খান, রিনাত ফৌজিয়া, প্রিয়াংকা গোপ, ফিরোজ খান, ইউসুফ খান, নিশীথ দে প্রমুখ। কাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একই হলে কমল দাশগুপ্ত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস এনডিসি। বিশেষ অতিথি থাকবেন রবীন্দ্র গবেষক নূরুল আনোয়ার এবং ফোকলোর গবেষক ড. সাইম রানা। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শাকিলা জাফর, সুবীর নন্দী, ইয়াসমীন মুশতারী, সুজিত মোস্তফা, ইফফাত আরা দেওয়ান, তিমির নন্দী, রুমী আজনবী, দিনাত জাহান মুন্নি ও সুস্মিতা আনিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য দেবেন সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন। শৈলজারঞ্জন মজুমদারের প্রয়াণ দিবসে বিশেষ আয়োজন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও লেখক শৈলজারঞ্জন মজুমদারের ২২তম প্রয়াণ দিবস আগামী শনিবার। এ উপলক্ষে ঢাকাস্থ নেত্রকোনাবাসীদের সাংস্কৃতিক সংগঠন ‘কংস এক্সপ্রেস’ ও শিল্পকলা একাডেমি যৌথভাবে শৈলজারঞ্জন মজুমদার স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী শনিবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষা-সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. নুরুল আনোয়ার, কবি নির্মলেন্দু গুণ এবং কবি ও প্রাবন্ধিক ড. আমিনুর রহমান সুলতান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন কংস এক্সপ্রেসের সভাপতি সুমন মাহমুদ শেখ। প্রাথমিক পর্ব শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় শৈলজারঞ্জনের স্বরলিপি করা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সেমন্তী মঞ্জুরী। উল্লেখ্য, রবীন্দ্রনাথের তিন শতাধিক গানের স্বরলিপিকার শৈলজারঞ্জনের জন্ম ১৯ জুলাই ১৯০০ ও মৃত্যু ২৪ মে ১৯৯২ সালে। ছায়ানটে নজরুল উত্সব জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট দু’দিনব্যাপী ‘নজরুল উত্সব’- এর আয়োজন করেছে। আয়োজকরা জানান, আগামী ২৪ মে শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনে সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে আলোচনা, পাঠ, গান ও নৃত্য। পরদিনও থাকছে গান, নৃত্য ও আলোচনা। অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় শুরু হবে। উদীচীর তথ্যচিত্র কর্মশালা আগামী ৬ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে উদীচী’র কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের আয়োজনে “তিন মাস মেয়াদী তথ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা-২০১৪”। আগামী ৩১ মে পর্যন্ত কর্মশালায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে। উদীচী’র কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। ৫ জুন সম্ভাব্য অংশগ্রহণকারীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। এতে উত্তীর্ণরা ৬ জুন থেকে শুরু হতে যাওয়া কর্মশালায় অংশ নিতে পারবেন।