সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আপডেট : ১৯ মে ২০১৪, ২৩:৩৪
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলো ঘটেছে সিরাজদিখান, ময়মনসিংহ, দিনাজপুর ও কচুয়ায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া সড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়ায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মাওয়াগামী গুনগুন পরিবহন ও ঢাকাগামী ইলিশ পরিবহনের দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুনগুন পরিবহনের বাসটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এদের মধ্যে একজন হলেন গুনগুন পরিবহনের চালক বাদশা মিয়া (৫০)। আগুনে আহত হন আরো অন্তত ২০ জন। আহতদের ঢাকার মিডফোর্ট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে দুপুর দুইটার দিকে দুর্ঘটনা কবলিত বাসগুলো সরিয়ে নেয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের শহরতলি কাঠগোলা এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বাসের চাপায় টেম্পুর দুইজন যাত্রী নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন, শহরতলির তালতলা এলাকার ওসমান আলির পুত্র সজিব (২৭) ও রহমতপুর এলাকার আব্দুল মান্নানের পুত্র রেজাউল করিম (৩৫)। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক পলাতক রয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার সকাল সাতটার দিকে কাঠগোলা এলাকায় ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই টেম্পুকে চাপা দেয়। স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বগুড়া-দিনাজপুর সড়কের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছ গ্রাম নামক স্থানে শনিবার বিকাল পাঁচটায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে শামীম মিয়া নামে একজন ঘটনাস্থলেই মারা যান। সাজু মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১২টায় তারও মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাসির মিয়া ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন। দাখিল পরীক্ষায় ভাল ফল করায় মিষ্টি কিনে এই তিন বন্ধু মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কচুয়া-কালিয়াপাড়া সড়কের মনোহরপুর নামক স্থানে যাত্রীবাহী বাস আজমীর উল্টে পাশের গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের কুমিল্লা কুচাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা কচুয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা নেন।