সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধের নির্দেশনার পাশাপাশি এ ধরনের সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, যোগাযোগ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদি করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, ১৯৮৮ সালের ২৪ মে সংসদ সদস্যদের জন্য শুল্কসহ যাবতীয় করমুক্ত গাড়ি আমদানির প্রথম সুযোগ দেয়া হয়। এমপিদের কী কী সুবিধা দেয়া হবে তা সংবিধানের ৬৮ অনুচ্ছেদে বলা আছে। এখানে শুল্কমুক্ত গাড়ির বিষয়ে কিছু না থাকায় এ ধরনের সুবিধা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
