উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর করেছে রোগীর স্বজনরা। গতকাল সোমবার সকালে হামলার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
হিজলা থানার ওসি জানান, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা ইউনুস মৃধা তার ছেলে ইশারুল মৃধার (১২) জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিত্সক রোগীকে ভর্তি করে তাকে প্রয়োজনীয় ওষুধ আনতে বলেন। চিকিত্সা দেয়ার আগেই রোগীর বমি শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভংকর বাড়ৈ জানান, তিনি তাত্ক্ষণিক রোগীর কাছে গেলেও ওষুধ প্রয়োগের আগেই ইশারুলের মৃত্যু হয়। এতে রোগীর বড় ভাই আল-আমিন মৃধা ও তার স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিত্সা দিতে বিলম্ব হওয়ার অভিযোগে ডা. শুভংকর বাড়ৈকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতের পিতা ইউনুস মৃধা ও ভাই আল-আমিন মৃধাকে আটক করে। হামলায় আহত ডা. শুভংকর বাড়ৈ বাদি হয়ে মামলা করেছেন।
