বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার তথ্য অভিভাবকদের কাছ থেকে আড়াল করতে যেয়ে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কুইন্সি শহরের এক শিক্ষার্থী সম্প্রতি অভিনব এক ঘটনার জন্ম দিয়েছে। কুইনিপ্যাক ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে মা’কে নিয়ে হাজির হওয়ার পর সেখানে বোমা হামলা করা হবে এমন ভয় দেখিয়ে সমাবর্তন পন্ড করার চেষ্টা করেন ড্যানিয়েল শিয়া নামের এই ছাত্রী। তার ভাবনা ছিল, সমাবর্তন অনুষ্ঠান পন্ড করে দিতে পারলে মা হয়তো পরে কখনোই তার বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার বিষয়টি জানতে পারবেন না। এর আগে অন্য সব শিক্ষার্থীর মতো সমাবর্তনের গাউন ও ক্যাপ পরে মা’কে নিয়ে সমাবর্তন স্থলে উপস্থিত হলেও গ্র্যাজুয়েটদের তালিকায় তার নাম না থাকায় তাকে যে মঞ্চে সার্টিফিকেট নিতে ডাকা হবে না তা বুঝতে পারেন শিয়া। আর এটি বুঝতে পারার পরপরই তিনি একটি ফোন থেকে ফোন করে কুইনিপ্যাক ইউনিভার্সিটি লাইব্রেরিতে বোম থাকার কথা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে জানান। এ ছাড়া প্রথম কলের বিশ মিনিট পরে ক্যাম্পাসে একাধিক বোম থাকার কথাও তিনি জানান। তার এই ফোন পাবার কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনে উপস্থিত প্রায় ৫০০০ অতিথি ও ৩৮৮ জন গ্র্যাজুয়েটকে নিরাপত্তার স্বার্থে হ্যামডেন শহরে থাকা অন্য একটি ক্যাম্পাসে সরিয়ে নিয়ে যান এবং সেখানেই দেড় ঘণ্টা বিলম্বে শুরু হয় সমাবর্তনের অনুষ্ঠান। অন্যদিকে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বিশেষ একটি দল সম্ভাব্য বিস্ফোরকের সন্ধানে অনুসন্ধান চালান কুইনিপ্যাক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। বলা বাহুল্য সেখানো কোনো ধরনের বিস্ফোরকের সন্ধান না পেয়েই বোমার কথা জানানো ব্যক্তিটিকে খুঁজে বের করার মিশনে নামেন তারা। আর পুলিশের এই অনুসন্ধানেই বেরিয়ে আসে ড্যানিয়েল শিয়ার নাম। ইতোমধ্যে মিথ্যা হুমকি দেওয়া ও অভিযোগ করার জন্য শিয়াকে গ্রেফতারও করেছে স্থানীয় পুলিশ।
