ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের এমএসএস দ্বিতীয় ব্যাচের ছাত্র আকিব খান ‘অধ্যাপক ড. নাসরিন খন্দকার স্মৃতি স্বর্ণপদক ২০১২’ পেয়েছেন। এছাড়াও অধ্যাপক ‘ড. নাসরিন খন্দকার স্মৃতি বৃত্তি’ পেয়েছেন একই বিভাগের এমএসএস চতুর্থ ব্যাচের শিক্ষার্থী নাহিন রহমান ও আশরাফ হোসেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. নাসরিন খন্দকার মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের প্রভাষক তাহীয়া তারান্নুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
