তোমাদের জন্য লেখা

আপডেট : ২০ মে ২০১৪, ২০:২৭
ভূততাড়ুয়া ভূততাড়ুয়া একখানি ছড়া-কবিতার বই। বইটি লিখেছেন পরিচিত ছড়া লেখক মাসুম আওয়াল। দীর্ঘদিন ধরে তিনি দেশের পত্র-পত্রিকায় ছড়া-কবিতা ও গল্প লিখে আসছেন। ইতোমধ্যে তার সবুজ ফড়িং হলুদ ফড়িং, ছুটছে মজার ছড়ার গাড়ি এবং জটা কবিরাজ ও ভূতুড়ে বটগাছ শিরোনামে তিনটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো অনেকের দৃষ্টি কেড়েছে। আলোচ্য বইটিতে সংকলন করা হয়েছে অনেকগুলো ছড়া-কবিতা। এসব ছড়া-কবিতা ভূত, বর্ণমালা, মা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, চাঁদমামা, বৈশাখ ঘাস ফড়িং ও বাংলাদেশকে নিয়ে লেখা। সংকলিত ছড়া-কবিতাগুলোর মধ্যে হাতি, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ছড়া, মা, অরুণার ছড়া, জোনাক ও আঁকাআঁকি বিশেষভাবে উল্লেখ্য। বাংলাদেশ শীর্ষক ছড়াটি খুবই সুন্দর। মাসুম লিখেছেন: বুকের ভেতর আছে আমার একটি বাংলাদেশ যেখানে ফুল পাখি আছে বন পাহাড়ে গাছে গাছে আর আছে গ্রাম হাজার হাজার শ্যামল পরিবেশ। ছোটবড় অনেক নদী যাচ্ছে বয়ে নিরবধি সাগরতলে মুক্তো মানিক ছড়িয়ে আছে বেশ বুকের ভেতর আছে আমার একটি বাংলাদেশ। সংকলিত ছড়া-কবিতাগুলোর পাতায় পাতায় রয়েছে আজিজুর রহমানের চমত্কার অলঙ্করণ। প্রচ্ছদপটও তার আঁকা। বইটি প্রকাশিত হয়েছে বাংলাবাজারের শুভ্র প্রকাশ থেকে। মূল্য একশত দশ টাকা। মোস্তাফিজুর রহমান