ডিএসই’র লেনদেন দুইশ’ কোটি টাকার নিচে

আপডেট : ২০ মে ২০১৪, ২০:৩০
শেয়ারবাজারে ফের লেনদেনের ধারা নিম্নমুখী হয়ে পড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে দুইশ’ কোটি টাকারও নিচে। এ প্রসঙ্গে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টস্-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বাজারে এ মুহূর্তে একটানা দরপতনের কোনো কারণ নেই। এরপরও বিনিয়োগকারীরা কম শেয়ার কেনাবেচা করছেন। এজন্য লেনদেন কমে গেছে। তবে দরপতনের ফলে অনেক কোম্পানি এখন বিনিয়োগের উপযোগী হয়েছে। সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বাজার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। এছাড়া বাজারে নেতিবাচক ধারণা হওয়ার মতো কিছু নেই, এরপরও একটানা শেয়ারদর ও লেনদেন কমছে। যেহেতু বাজারে নেতিবাচক কিছু নেই তাই অচিরেই বাজার ভালো হবে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা কমে ৪ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৬ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২০ কোটি ২৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের। এদিকে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেয়া হয়। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা জানিয়েছেন, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সাথে প্রক্রিয়া শেষ করে খুব শিগগির সেকেন্ডারি মার্কেটে কোম্পানিটির লেনদেন শুরু হবে। ১০ টাকা অভিহিত মূল্যে এ শেয়ার ইস্যু করা হয়। মোট ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ার মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করে।