চন্দন সিনহার গান নিয়ে ফেসবুকে তোলপাড়

আপডেট : ২০ মে ২০১৪, ২০:৪৬
‘আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাব না’—গেল বছরের সবচেয়ে আলোচিত গান হিসেবেই এটি বিবেচ্য ছিল। তরুণ মেধাবী সংগীত পরিচালক তাপসের সুর-সংগীতে এই গানটিই ছিল সবচেয়ে বেশি আলোচিত একটি গান। কিন্তু সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে সকলের প্রত্যাশিত এই সম্মাননা না পেলে সেরা সংগীতশিল্পী হিসেবে পুরস্কারটি পান কণ্ঠশিল্পী আসিফ। কিন্তু আসিফ পুরস্কারটি পেয়েই বিভিন্ন মিডিয়ায় বলেন, ‘আমি ভেবেছিলাম পুরস্কারটি চন্দন দা’ই পাবেন। কিন্তু আমি পেয়ে সত্যিই অবাক ও উচ্ছ্বসিত।’ অন্যদিকে এই খবরটি ইত্তেফাক বিনোদন প্রতিদিনে প্রকাশের পর প্রখ্যাত্ব সংবাদ ব্যক্তিত্ব মুন্নী সাহা বলেন, ‘আমরা সকলেই হতবাক। কারণ শিল্পীর সঠিক মূল্যায়ন না হলে সেই শিল্পীর স্বপ্ন মরে যেতে থাকে। আমরা সংস্কৃতির খোঁজখবর রাখি বলেই বলছি চন্দন দার গানটি নিঃসন্দেহে জনপ্রিয় ও প্রশংসিত ছিল। এক্ষেত্রে দুঃখ প্রকাশ ছাড়া আর কীবা করার আছে।’ এদিকে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীও বিষয়টি নিয়ে অবাক হয়ে বলেন, ‘গত বছরের একমাত্র হিট গান ছিল এটি।’ আর এই খবরগুলো সামাজিক ওয়েব সাইটে ছড়িয়ে পড়লে পাঠক-দর্শকদের নানারকম মতামত পোস্ট দেওয়া শুরু হয়ে যায়। আনজাম মাসুদ বলেন, ‘সত্যিই অবাক হলাম।’ গানটির গীতিকার কবির বকুল বলেন, ‘আসিফ এটা কী বললেন, বুঝলাম না।’ এদিকে এ প্রসঙ্গে শিল্পী চন্দন সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মতামত নেই। স্বীকৃতি সকলেই প্রত্যাশা করে। তবে আমার সেরা স্বীকৃতি আমার শ্রোতারা। তাদের রায় আমি পেয়ে গিয়েছি।’