পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত

আপডেট : ২০ মে ২০১৪, ২১:৫১
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় ৯ জন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। গোবিন্দগঞ্জে দুইজন নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার সকালে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, আবু হানিফ (৪৮) ও অজ্ঞাত পরিচয় একজন। আহতদের গোবিন্দগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ও হাইওয়ে থানায় হামলা করে। ভাঙ্গায় সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত সোমবার সন্ধ্যায় সাপের কামড়ে ২ স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, জাহানারা (১০) ও মারিয়া (৭)। দুইজনই মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। চান্দিনায় ট্যাংকিতে পড়ে ২ যুবকের মৃত্যু কুমিল্লার চান্দিনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে গতকাল মঙ্গলবার দুপুরে কালা চাঁন (৩০) ও জব্বার (৩৫) নামে দুই শ্রমিক মারা গেছেন। প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, আব্দুর রশিদের নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংকির ভেতরে সেন্টারিং ও বাঁশের খুঁটি সরাতে গিয়ে নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে জব্বারও ট্যাংকিতে পড়ে যান। চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ মিনিট চেষ্টার পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাদের মৃত বলে জানান। বোদায় একজন নিহত পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পল্লী বিদ্যুত্ অফিস এলাকায় গত সোমবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (১৫) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় বোদা থানায় মামলা হয়েছে। ঘিওরে রিকশা চালক নিহত মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বাস চাপায় আব্দুস সাত্তার (৩০) নামে এক রিকশা চালক মারা গেছেন। বরংগাইল হাইওয়ে থানার এস. আই মো. সাইফুল ইসলাম জানান, বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস রিকশাকে চাপা দিলে রিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার এক ঘণ্টা পর মারা যান। গাংনীতে ছাদ থেকে পড়ে নিহত এক মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী পশ্চিমপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে দোতলার ছাদ থেকে পড়ে আহসান হাবিব বকুল নামে এক কাপড় ব্যবসায়ী নিহত ও কোলে থাকা ১০ মাস বয়সী শিশু সোহাগ মারাত্মক আহত হয়েছেন। নিহতের পিতা হাজী আব্দুল বারী জানান, প্রতিদিনের ন্যায় ছেলে সোহাগকে নিয়ে দ্বিতীয় তলার ছাদে হাঁটাহাঁটি করছিল। অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। বকুলের কোলে থাকা শিশু সন্তান সোহাগ মারাত্মক আহত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।