চীনের পাঁচ সেনা কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হ্যাকিংয়ের মাধ্যমে চুরির অভিযোগের নিন্দা জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযোগ দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলেও জানিয়েছে বেইজিং।
গত সোমবার পেনসিলভানিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে পাঁচ চীনা সামরিক কর্মকর্তার বিরুদ্ধে কয়েকটি বেসরকারি মার্কিন কোম্পানিতে হ্যাকিংয়ের অভিযোগ করে যুক্তরাষ্ট্র। মার্কিন কৌসুলিরা বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে ওই কর্মকর্তারা গোপন বাণিজ্যিক তথ্যসহ পাঁচটি কোম্পানি এবং একটি শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ বেশ কিছু দলিল চুরি করেছে। অভিযুক্তরা চীনের পিপলস লিবারেশন আর্মির থার্ড ডিপার্টমেন্টের ৬১৩৯৮ ইউনিটের কর্মকর্তা। তাদের নাম ওয়াং ডং, সুন কাইলিয়াং, ওয়েন সিনয়ু, হুয়াং ঝেনিউ এবং গু চুনহুই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। চীনা নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার-গুপ্তচরবৃত্তির এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ এটাই প্রথম।
মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার এ ঘটনাকে ‘গুরুতর’ আখ্যা দিয়ে এর ‘সমুচিত জবাব’ দেয়ার দাবি জানান। যুক্তরাষ্ট্রের ওয়েস্টিংহাউজ ইলেকট্রিক কোম্পানি, ইউএস স্টিল, এলকোয়া ইন্ক, এলিন্টজেনি টেকনোলজিস, সোলারওয়ার্ল্ড এবং ইইউ স্টিলওয়ার্কার্স ইউনিয়ন হ্যাকিং এর শিকার হয়েছে বলে জানান হোল্ডার। চীন রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কোম্পানি ও অন্যান্য সুবিধা হাসিল করতেই একাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থার (এফবিআই) কর্মকর্তারা বলেন, ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত কয়েক বছরে চীন হ্যাকিং চালিয়েছে। এতে মার্কিন কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং আরো অনেক কোম্পানি এমন হ্যাকিংয়ের শিকার হয়ে থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন তারা।
তবে চীন এ ধরনের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে এর নিন্দা জানিয়েছে এবং এ নিয়ে বিচার প্রক্রিয়া চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেছে। ইন্টারনেটের নিরাপত্তার ব্যাপারে চীনের অবস্থান খুবই স্পষ্ট এবং অব্যর্থ বলে দাবি করেছে বেইজিং সরকার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাহার করে তাত্ক্ষণিকভাবে ভুল সংশোধন করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাং যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন। সাইবার কর্মকাণ্ডের জন্য গত এপ্রিলে প্রতিষ্ঠিত চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ সংগঠনটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
