বোকো হারামের বিরুদ্ধে অভিযানে প্যারিস সম্মেলনে ঐকমত্য

আপডেট : ২০ মে ২০১৪, ২২:০০
নাইজেরিয়ার ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে সম্মিলিত অভিযান চালাতে একমত হয়েছেন আফ্রিকার কয়েকটি দেশের নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে আফ্রিকার নিরাপত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে এমন সিদ্ধান্তে পৌঁছেন তারা। সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সার্বিক সহায়তার আশ্বাস দেন। গত মাসে নাইজেরিয়ার বোর্নো এলাকায় ২২৩ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা। পরিণত বয়সে স্কুলে যাওয়ার কারণে তাদের অপহরণ করা হয়েছে বলে দাবি তাদের। পরে আটক জঙ্গি নেতাদের ছেড়ে দেয়ার শর্তে জিম্মিদের মুক্তি দেয়ার প্রস্তাব দেয় বোকো হারাম। তবে সরকার ওই প্রস্তাবে সম্মত হয়নি। গত কয়েক বছরে উগ্র সংগঠনটির কর্মীদের হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি নাইজেরিয়ার বিভিন্ন স্থানে আকস্মিক হামলা চালাচ্ছে তারা। শত শত স্কুল ছাত্রী অপহরণের পর বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে বিশ্ব নেতারা সোচ্চার হয়ে উঠেন। নাইজেরিয়াসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এবং বেনিন, চাদ, ক্যামেরুন ও নাইজারের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। —বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম