এন্টার্কটিকায় এখন বরফ গলছে বছরে ১৬ হাজার কোটি টন হারে। এন্টার্কটিকায় বরফ গলার সর্বশেষ হিসাবের চেয়ে এ হার দ্বিগুণ বেশি। নতুন এ তথ্য প্রকাশ করেছে ইউরোপের ক্রায়োস্যাট মহাকাশযান। বরফ স্তরের আকৃতি পরিমাপের জন্য এ যানের রয়েছে বিশেষ ধরনের রাডার।
এন্টার্কটিকা থেকে গলা বরফই বিশ্বে সমুদ্রস্তরের উচ্চতা বছরে প্রায় ০ দশমিক ৪৩ মিলিমিটার বাড়িয়ে দিতে পারে। ‘জিওগ্রাফিক্যাল রিসার্চ লেটার’ জার্নালে বিজ্ঞানীরা এ সংক্রান্ত তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনবছরের পর্যবেক্ষণ থেকে এ হিসাব দিয়েছেন বিজ্ঞানীরা। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চালানো গবেষণার পর নতুন এ গবেষণা করা হয়েছে। বরফের স্তরের উচ্চতার পরিবর্তন লক্ষ্য করা হয়েছে গবেষণায়। গবেষকরা মহাদেশটিকে পশ্চিম এন্টার্কটিকা, পূর্ব এন্টার্কটিকা এবং এন্টার্কটিকা উপদ্বীপ এ তিনটি অংশে ভাগ করে পর্যবেক্ষণ করেন। দেখা গেছে, তিনটি অঞ্চলেই বরফ গলছে। পূর্ণ বরফের স্তর গড়ে যতটুকু বাড়ছে বছরে তার প্রায় ২ সেন্টিমিটার বরফ গলে যাচ্ছে। এই হিসাবে একেক অঞ্চলে বরফ গলার পরিমাণ বছরে যথাক্রমে ১৩ হাজার ৪শ’ কোটি টন, ৩শ’ কোটি টন এবং ২ হাজার ৩শ’ কোটি টন। —বিডিনিউজ
