আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপিকে তাদের রাজনৈতিক দৈন্যদশা ঘোচানোর পরামর্শ দিয়ে বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ভারতে ক্ষমতা পরিবর্তনে মোটেও নার্ভাস নয়। বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খুবই কোণঠাসা অবস্থায় আছে বিএনপি।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সুরঞ্জিত বলেন, বিএনপি জন্ম থেকেই ভারতবিরোধী রাজনীতি করে আসছে। এখন সাম্প্রদায়িক মোদীকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে। এসব করার আগে তাদের জনসমক্ষে ঘোষণা দিতে হবে, তারা ভারতবিরোধী নীতিতে নেই।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে মোদী সরকার গঠন করেছে। ভারত গণতন্ত্রে বিশ্বাস করে। দেরিতে হলেও তিস্তা পানি চুক্তি ও সীমান্ত চুক্তিসহ বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি শেখ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান দুর্জয়, হারুন চৌধুরী প্রমুখ।
