চট্টগ্রামের পটিয়ায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভুয়া নামজারী খতিয়ান সৃষ্টি করায় এক পক্ষের আপত্তি মামলা শুনানিকালে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাদী ছালেহ আহমদ ও বিবাদী ফয়েজ আহমদ পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে সহকারী কমিশনার (ভূমি) কে. এম সালাউদ্দিন দৈনিক ইত্তেফাকের পটিয়া সংবাদদাতা ও সাংবাদিক সমিতি পটিয়া উপজেলার সেক্রেটারী হারুনুর রশীদ ছিদ্দিকিকে ছবি তুলতে বাধা দেন, তাকে নাজেহাল ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন। পটিয়ার কর্মরত সাংবাদিকরা এ খবর পেয়ে ভূমি অফিসে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা এসিল্যান্ডের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান ও তার অপসারণ দাবি করেন।
ভাটিখাইন এলাকা থেকে আসা প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কাজী মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পটিয়ায় ভূমি অফিসে দীর্ঘদিন ধরে বহিরাগত একটি দালাল চক্র অফিসের অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে নামজারী খতিয়ানের নামে ভুয়া খতিয়ান তৈরি করে আসছে। সার্ভেয়ার ইচ্ছামত রিপোর্ট প্রদানসহ নানা অনিয়ম দুর্নীতি করে যাচ্ছে। এরপর পুনরায় খতিয়ান সংশোধনের নামে লোকজন থেকে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে ভূমি অফিসে আসা লোকজন হয়রানির শিকার হচ্ছে। ভুক্তভোগীরা জানান, এসিল্যান্ড কে.এম. সালাউদ্দিন যোগদানের পর থেকে দালাল চক্রটি আরো সক্রিয় হয়ে উঠেছে ও অনিয়ম দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সম্পর্কে তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে জানান।
