দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল আলম জানান, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকার টিফিনিস ওয়্যার লিমিটেডের প্রায় এক হাজার শ্রমিক দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’-এক দিনের মধ্যে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধা ঘন্টা পর যান চলাচল শুরু হয়।
বকেয়া বিলের দাবিতে সড়ক
ভবন ঘেরাও
বকেয়া বিল পরিশোধের দাবিতে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদাররা গত দু’দিন ধরে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে। কর্মসূচি চলাকালে গতকাল মঙ্গলবারও মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত সড়ক ভবনের অফিসে কোন কর্মকর্তাকে প্রবেশ করতে দেননি ঠিকাদাররা।
