দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

আপডেট : ২০ মে ২০১৪, ২২:০৮
দক্ষিণ আফ্রিকার ট্রান্সকাই শহরের লুছিকিছিকিতে ইফতেখার হোসাইন টিপু (৪৪) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সেখানকার সন্ত্রাসীরা। গত সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। রাত দেড়টায় ঐ দেশে বসবাসকারী তাঁর দুইভাই বাংলাদেশে গ্রামের বাড়িতে মৃত্যুর ঘটনা জানান। নিহত ইফতেখার নোয়াখালী শহরের সোনাপুরের মুক্তিযোদ্ধা সেকান্দার হোসেনের পুত্র। টিপুর মামা বদিউল আলম জানিয়েছেন, তার ভাগ্নে প্রায় ১৮ বছর ধরে দ.আফ্রিকায় বসবাস করছে। তিনি ট্রান্সকাই শহরের একটি সরকারি হাইস্কুলে শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করতেন। সোমবার স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে স্থানীয় একদল সন্ত্রাসী তার ভাগ্নের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার টিপুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইফতেখারের নোয়াখালী শহরের সোনাপুরের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।