ম্যারাডোনার অভিমত

বিশ্বকাপে দাপট দেখাবে দক্ষিণ আমেরিকানরাই

আপডেট : ২০ মে ২০১৪, ২২:১০
কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা আশা করছেন বিশ্বকাপে দাপট দেখাবে দক্ষিণ আমেরিকার দেশগুলোই। তার বিশ্বাস আর্জেন্টিনা ও ব্রাজিল স্থানীয় কন্ডিশন বিচারে সবচেয়ে ভালভাবে প্রস্তুত থাকবে। ৫৩ বছর বয়সী ম্যারাডোনা অবশ্য ইটালি, নেদারল্যান্ডস ও স্পেন শেষ পর্যন্ত যেতে পারবে বলে মনে করেন না। আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক গত বিশ্বকাপে লিওনেল মেসিদের কোচ ছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালের বেশি এগুতে পারেননি। এরপর থেকে কোচ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টায় এখন পর্যন্ত সুবিধা করতে পারেনি কিংবদন্তি এই ফুটবলারটি। সর্বশেষ ২০১২ সালের জুলাইয়ে আল ওয়াসলের কোচের পদটিও ছেড়ে আসেন। ম্যারাডোনা এবারের বিশ্বকাপটি নিয়ে বলেন,‘আমি দেখতে পাচ্ছি বিশ্বকাপটি দক্ষিণ আমেরিকানাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কারণ ইউরোপীয় দলগুলো অনভ্যস্ত এলাকার সাথে মানিয়ে নিতে সমস্যায় পড়ে।’ ফুটবল ইটালিয়া এ প্রসঙ্গে ম্যারাডোনাকে এভাবেই উদ্ধৃত করে। সম্প্রতি তিনি ইটালি সফরকালে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন। এতে তিনি আরো বলেন,‘ব্রাজিল ও আর্জেন্টিনার আছে বিশ্বকাপ জয়ের মতো খেলোয়াড়। তবে আমি জানি না স্পেন ও হল্যান্ড তাদের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে কিনা।’ তিনি আরো বলেন,‘আমি ইটালিকে সম্প্রতি খেলতে দেখেছি। তাদের কয়েকজন ভাল খেলোয়াড় আছে। তবে আমি মনে করি না যে তারা ফেবারিট।’ বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি এই ফুটবলারটির নেতৃত্বে আর্জেন্টিনা ১৯৮৬ সালের বিশ্বকাপটি জিতেছিল। সেটি ছিল তাদের দ্বিতীয় ও সর্বশেষ জেতা বিশ্বকাপ। অবশ্য পরের বিশ্বকাপটিতেও ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপে রানার্স আপ হয় আর্জেন্টিনা। সব মিলিয়ে এবার আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলার অধীনে নিজেদের মহাদেশের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের জন্য মুখিয়ে আছে।