মোদীর শপথ অনুষ্ঠান বয়কট করবে তৃণমূল

আপডেট : ২০ মে ২০১৪, ২২:৫৫
ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর আগামী সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন তৃণমূল নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বা তার দলের কোনো এমপি সোমবারের ওই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাবেন না। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী পদে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি এসেছে মমতা ব্যানার্জির দপ্তরে। বিভিন্ন বিষয় বিবেচনার পর মমতা সিদ্ধান্ত নিয়েছেন না যাওয়ার। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, নির্বাচনী প্রচার ময়দানে অনুপ্রবেশ ইস্যু নিয়ে যে ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে ঘাত, পাল্টা প্রতিঘাত হয়েছে তার সুর নামাতে চান না মমতা। মোদী বিরোধী শিবির হিসেবেই পরিচিত থাকতে চান। তাই তৃণমূল ওই শপথ অনুষ্ঠানে যোগ দেবে না। প্রসঙ্গত, ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্ব পদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি তত্কালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।