চট্টগ্রাম বন্দর

ইকুইপমেন্ট ক্রয়ের টেন্ডার স্থগিত

আপডেট : ২০ মে ২০১৪, ২২:৫৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এর জন্য প্রায় সাড়ে ৪ শ’ কোটি টাকার ইকুইপমেন্ট ক্রয়ের টেন্ডার স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে এনসিটি’র জন্য ৬টি গ্যান্ট্রিক্রেন ক্রয়ের জন্য ওই টেন্ডার আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম টেন্ডার কার্যক্রম স্থগিত করার কথা স্বীকার করে বলেন, মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এনসিটি’র জন্য ইকুইপমেন্ট ক্রয়ের পক্ষে হলেও নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি বন্দরের অর্থে ইকুইপমেন্ট ক্রয়ের বিপক্ষে যুক্তি দেখিয়ে আসছিল। এক পর্যায়ে গত সোমবার অর্থমন্ত্রীর দেয়া এক পত্রের প্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ টেন্ডার কার্যক্রম স্থগিত করলো। প্রসঙ্গত, বিগত সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ প্রায় ১২শত কোটি টাকা ব্যয়ে ইকুইপমেন্ট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছিল।