বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করলেন মার্কিন কংগ্রেসম্যান

আপডেট : ২০ মে ২০১৪, ২২:৫৮
যুক্তরাষ্ট্র কংগ্রেসের জ্বালানি ও বিদ্যুত্ সংক্রান্ত উপ-কমিটির চেয়ারম্যান অ্যাড হুইটিফল্ড অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। সোমবার কংগ্রেসম্যানের ক্যাপিটল হিল কার্যালয়ে রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সঙ্গে সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন। সাক্ষাত্কালে রাষ্ট্রদূত কাদের কংগ্রেসম্যানকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ১৬ কোটি জনসংখ্যা নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ৬ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকারের বিষয়ে অবহিত করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুত্ ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন। ৩০ মে জ্বালানি উপদেষ্টা ও কংগ্রেস্ম্যান হুইটফিল্ডের মধ্যে সাক্ষাতের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রদূত কংগ্রেসম্যান হুইটিফল্ডকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কেও অবহিত করেন।