চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা মামলায় জামায়াত নেতা শ্যোন অ্যারেস্ট

আপডেট : ২০ মে ২০১৪, ২২:৫৯
চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ কর্মী মো. হাসান হত্যা মামলায় নগর জামায়াতের আমীর মাওলানা আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ। এর আগে অভিযুক্ত জামায়াত নেতার উপস্থিতিতে পুলিশের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এরপর জামায়াত নেতাকে কড়া পুলিশ প্রহরায় পুনরায় কারাগারে প্রেরণ করা হয়। উল্লে¬খ্য, গত ১ এপ্রিল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ফুলতলা এলাকায় দুর্বৃত্তরা যুবলীগ কর্মী হাসানকে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় নিহতের চাচা মো. আলম বাদি হয়ে পরদিন সাতকানিয়া থানায় মামলা করেন। এতে মহানগর জামায়াত নেতা ও সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামসহ ২২ জনকে আসামি করা হয়। নগরীর কোতোয়ালি থানা পুলিশ গত ১২ মে দেওয়ান বাজার এলাকায় জামায়াত কার্যালয় থেকে মাওলানা আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে আটক করে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়।