দলীয় কোন্দলে হত্যা করা হয়েছে একরামুলকে

আপডেট : ২০ মে ২০১৪, ২৩:২২
ফেনীর ফুলগাজী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান একরামুল হককে দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগের লোকেরাই গাড়িতে আগুন দিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে আওয়ামী লীগের লোকেরা এখন উপজেলা নির্বাচনে একরামুলের প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনারসহ নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালাচ্ছে। এর তীব্র নিন্দা জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব একরামুল হকের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি জানান। পাশাপাশি এই ঘটনার সূত্র ধরে বিএনপি নেতা-কর্মীদের বাসায় বাসায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।