রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়াকে অবশেষে নগরীর শাহ্ মখদুম থানায় বদলি করা হয়েছে। একই সঙ্গে নগরীর শাহ্ মখদুম থানার ওসি আবদুস সোবহানকে বোয়ালিয়া মডেল থানায় বদলি করা হয়। গতকাল মঙ্গলবার আরএমপির কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানের নির্দেশে এই বদলির আদেশ জারি করা হয় বলে জানা গেছে। মহানগর পুলিশ কমিশনারের অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে নগরীর গুরুত্বপূর্ণ বোয়ালিয়া মডেল থানার ওসির পদে পরিবর্তন আনা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিত্সকদের হামলার সময় বিতর্কিত ভূমিকার কারণে ওসি সায়েদুর রহমান ভুঁইয়ার অপসারণ দাবি করে আসছিলেন রাজশাহীর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। এ বিষয়ে আরএমপি কমিশনারকে কয়েকদফায় স্মারকলিপি দেয়া হয়।
