সপ্তম ধাপে আরো ৫ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে কমিশন। উপজেলাগুলো হলো-বরিশালের মেহেন্দীগঞ্জ, মাদারীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শেরপুরের নকলা ও ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর। ইসি সচিবালয়ের প্রস্তাবনা অনুযায়ী আগামী ২৫ জুন ভোটের সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ মে। আজকালের মধ্যে এই উপজেলাগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে এই ধাপে নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচন ২৬ জুন হওয়ায় আপাতত হচ্ছে না। ষষ্ঠ ধাপ পর্যন্ত সারাদেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৭১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৮টি, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৬টি, ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮১টি, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯১টি, ৩০ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি এবং ষষ্ঠ ধাপে ১২টি উপজেলায় নির্বাচন হয়।
