অবশেষে স্বপ্ন পূরণ
অবশেষে স্বপ্ন পূরণ হলো তরুণ অভিনেতা ওয়াসিমের। সম্প্রতি মাহফুজ আহমেদের ধারাবাহিক নাটক ‘মাগো তোমার জন্য’-এ অভিনয় শুরু করেছেন তিনি। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ভাবনা। নিজের স্বপ্ন পূরণ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল মাহফুজ আহমেদের সঙ্গে কাজ করব; কিন্তু নানা কারণে এটা হয়ে ওঠেনি। এবার সে স্বপ্ন পূরণ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মাহফুজ ভাই শুধু গুণী একজন অভিনেতাই নন, একজন গুণী নির্মাতাও। তার সঙ্গে কাজ করে আমি প্রতি মুহূর্তে সমৃদ্ধ হচ্ছি। বলা যায় নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছি। আমি মনে করি প্রতিটি নবীন শিল্পীদেরই একবার হলেও তার সঙ্গে কাজ করা উচিত।’ ‘মাগো তোমার জন্য’ ধারাবাহিক নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এটিএন বাংলায় ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে।
সম্পর্কের গল্প
ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত হলো একখণ্ডের নাটক ‘সম্পর্কের গল্প’। মাবরুর রশিদ বান্নার রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন লাক্সতারকা উর্মিলা। এই নাটকে উর্মিলার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। নাটক প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘এর আগে তাহসান ভাইয়ার সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে সে নাটকে আমি অতিথি শিল্পী ছিলাম। এ নাটকে প্রধান চরিত্রের একটি আমি। চেষ্টা করেছি আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কী এই গরমে অনেক কষ্ট করে আমরা একটি ভালো কাজ দাঁড় করিয়েছি। দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’ এদিকে উর্মিলা অভিনীত এজাজ মুন্না পরিচালিত ‘যোগাযোগ গোলযোগ’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে।
জেনির ‘সরল বৃত্ত’
আসছে ঈদের জন্য নির্মিত একখণ্ডের নাটক ‘সরলবৃত্ত’তে অভিনয় করলেন জেনি। মাসুদ মহিউদ্দীনের রচনা ও পরিচালনায় প্রেমের এই নাটকে জেনির নায়ক হিসেবে আছেন নিলয়। নাটক প্রসঙ্গে জেনি বলেন, ‘বিশ্বাসের জায়গাতে মানুষকে শেষ পর্যন্ত ফিরে আসতেই হয়। এ কারণেই নাটকের নাম ‘সরল বৃত্ত’। এখন নিলয়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে ভালোই লাগে। অভিনয়ে নিলয় কিংবা আমার কোনোরকম জড়তা নেই।’ ‘সরলবৃত্ত’ নাটকটি আসছে ঈদ অনুষ্ঠানমালায় একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এদিকে জেনি বর্তমানে একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ফিরবেন জুন মাসের প্রথম সপ্তাহে। এরইমধ্যে জেনি নতুন ধারাবাহিক নাটক মোস্তফা কামাল রাজের ‘অফস্ক্রিন’, এসএম শাহীনের ‘এক শ হাত দূরে থাকুন’ ও অম্লান বিশ্বাসের ‘অনন্যা’ নাটকের কাজ করেছেন।
