আনুশকা শর্মা ইতোমধ্যে বেশ কয়েকটি বছর পার করেছেন বলিউডে। আজকাল হিন্দি সিনেমায় দীর্ঘাঙ্গী নায়িকাদের বেশ কদর। আনুশকাও সেই দলের একজন। সুন্দরী, স্মার্ট, গ্ল্যামারাস হওয়ার পাশাপাশি একজন সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। বিখ্যাত এক ব্যানারের বিশেষ সহযোগিতা তার পথচলাকে অনেকটাই মসৃণ করেছে। এখন আনুশকা নিজেই পথ চলতে শিখে গেছেন। গত কয়েক বছরে তার অভিনীত বেশিরভাগ ছবির সাফল্য নতুন প্রজন্মের নির্ভরযোগ্য তারকা অভিনেত্রীর কাতারে পৌঁছে দিয়েছে তাকে। হালে প্রযোজক হিসেবেও আবির্ভূত হয়েছেন বলিউডের এই তন্বী অভিনেত্রী। এ বছরেই মুক্তি পাচ্ছে আনুশকা অভিনীত তিনটি উল্লেখযোগ্য সিনেমা। হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ক্যারিয়ারের হালচাল এবং অভিনীত নতুন সিনেমার কথা তুলে ধরেছেন রেজাউল করিম খোকন
গত পয়লা মে ছিল আনুশকা শর্মার জন্মদিন। ২৬-এ পা রাখলেন বলিউডের দীর্ঘাঙ্গী এই সুন্দরী অভিনেত্রী। ইয়াশ রাজ ফিল্মসের আবিষ্কার আনুশকা বলিউডে ইতোমধ্যে ছয় বছর পার করেছেন। এখানে তার পথচলা ইয়াশ রাজের হাত ধরে শুরু হলেও এখন আনুশকা নিজে বেশ ভালো পথ চলতে শিখে গেছেন। আজকাল বলিউডের নামীদামি ব্যানার ও প্রতিষ্ঠিত পরিচালকদের ছবিতে অভিনয় করছেন তিনি। এর মধ্যেই বলিউডে তার চমত্কার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। চিত্রনির্মাতারা আনুশকাকে যেকোনো ধরনের নায়িকা চরিত্রের জন্য নির্ভরযোগ্য ভাবতে পারছেন। বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে নায়িকা চরিত্রে রূপদানের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু। যা সব নতুন অভিনেত্রীর কপালে খুব সহজে জোটে না। প্রথম অভিনীত ছবির ব্লকবাস্টার সাফল্যও আনুশকাকে বেশ অনেকটা পথ এগিয়ে দিয়েছিল তখনই। ‘রাব নে বানাদি জোড়ি’ ছবিতেই তাকে দারুণ সম্ভাবনাময়ী মনে হয়েছিল। শুরুতেই সবার মন জয় করে নিতে পেরেছিলেন তিনি। এরপর ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস রিকি বাহল’, ‘বদমাশ কোম্পানি’, ‘পাতিয়ালা হাউস’, ‘জব তক হ্যায় জান’, ‘মাতরু কি বিজলী কা মানডোলা’ প্রভৃতি ছবিতে বিচিত্র চরিত্রে বিচিত্ররূপে রুপালি পর্দায় হাজির হয়ে আনুশকা প্রমাণ করেছেন সব ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার অপূর্ব ক্ষমতা রয়েছে তার। বলিউডে নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে ভালোভাবে টিকে যাওয়ার কৃতিত্ব দেখাতে পেরেছেন আনুশকা। এ বছরটা আনুশকার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যুক্ত করতে যাচ্ছে নানাভাবে। এ বছর প্রযোজক হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। আনুশকা প্রযোজিত প্রথম ছবি ‘এন এইচ টেন’-এর কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। সাসপেন্স থ্রিলার ধাঁচের এ ছবির প্রধান চরিত্রেও অভিনয় করেছেন আনুশকা। বলিউডের সবচেয়ে কম বয়সী চিত্রপ্রযোজক হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে নিঃসন্দেহে চমক সৃষ্টি করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনুশকা বলেন, ‘প্রযোজক হিসেবে এত অল্প বয়সে যাত্রা শুরু ব্যাপারটা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। ভীষণ উত্তেজনা আর শিহরণ বোধ করছি। খুব তাড়াতাড়ি এত বড় সুযোগ পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।’ নিজের প্রযোজনা সংস্থার নাম রেখেছেন তিনি ‘ক্লিন স্টেট ফিল্মস’। আনুশকা প্রযোজিত প্রথম ছবি ‘এনএইচ টেন’ মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে। রণবীর কাপুরের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আনুশকা ‘বোম্বে ভেলভেট’ ছবিতে। অনুরাগ কাশ্যপ পরিচালিত এ ছবিটি পঞ্চাশ দশকের মুম্বাই শহরের পটভূমিকায় নির্মিত হয়েছে। এ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে একজন স্ট্রিট ফাইটারের ভূমিকায়। তার বিপরীতে একজন জাজ সংগীতশিল্পীর চরিত্রে রূপদান করেছেন আনুশকা। ‘বোম্বে ভেলভেট’ ছবিতে তাকে ভিন্ন এক লুকে দেখা যাবে। যা নিয়ে ইতোমধ্যে বলিউডে অনেক আলোচনা শুরু হয়েছে। দর্শক এ ছবির জন্য অধীরভাবে অপেক্ষা করছেন। আগামী নভেম্বরে মুক্তি পাবে বহুল আলোচিত প্রতীক্ষিত এ ছবিটি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বিপরীতে ‘পিকে’ ছবিতে অভিনয় করেছেন আনুশকা। রাজকুমার হিরানি পরিচালিত এ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের সুযোগ লাভ আনুশকার জন্য আরেকটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক এ ছবিতেও নতুন এক আনুশকাকে খুঁজে পাবেন বলে জানা গেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘পিকে’ ছবিটি। ইতোমধ্যে নতুন আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা। এরমধ্যে একটি হলো জোয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়কানে দো’। এক পাঞ্জাবি পরিবারের গল্প নিয়ে আবর্তিত এ ছবিতে অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রণবীর সিংয়ের সাথে আনুশকা শর্মাও রয়েছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এখানে পুরোনো প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে আবার জুটি বেঁধে অভিনয় করছেন আনুশকা। ওদিকে করণ জোহর প্রযোজিত নতুন একটি ছবিতে নতুন প্রজন্মের আলোচিত নায়ক সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ফরাসি ছবি ‘প্রাইসলেস’-এর অনুকরণে নির্মিতব্য এ ছবিতে শুরুতে আলিয়া ভাটকে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নায়ক সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে আনুশকাকে চূড়ান্তভাবে কাস্ট করা হয়েছে। এ ছবিটি পরিচালনা করছেন ‘দোস্তানা’ খ্যাত তরুণ মানসুখানি। এই সময়ের আলোচিত ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছেন আনুশকা। পর্দার বাইরে বাস্তব জীবনে তাদের জমজমাট রোমান্স সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যদিও এ বিষয়ে আনুশকা কোনোভাবেই মুখ খুলছেন না। আপাতত ক্যারিয়ার নিয়েই মেতে আছেন তিনি। তবে আড়ালে প্রেমিক ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে উষ্ণ মধুর সময় কাটছে তার। সব মিলিয়ে এখন বেশ আছেন আনুশকা শর্মা।
