পর্দা উঠেছে কান চলচ্চিত্র উত্সব ২০১৪-এর। প্রতিবারের মতো আসর মাতাতে
হাজির হয়েছেন সব উজ্জ্বল নক্ষত্ররা। তাদের পদচারণায় মুখরিত কানের গালিচা। কান চলচ্চিত্র উত্সব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র
উত্সব। কান নিয়ে জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
ভেনিস এবং বার্লিন চলচ্চিত্র উত্সবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উত্সবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উত্সব পালিত হয়ে আসছে। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর সাধারণত মে মাসে এটি পালিত হয়। পালে দে ফেস্তিভালস এ দে কোঁগ্র নামক ভবনটিতে মূল উত্সব অনুষ্ঠিত হয়। কান উত্সবের জন্যই এই ভবন নির্মাণ করা হয়েছিল। ১৯৩২ সালে ভেনিসে শুরু হয়েছিল প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। কিন্তু ১৯৩৮ সালে ইতালির মুসোলিনি ও জার্মানির এডলফ হিটলারের পুরস্কারের বিষয়ে হস্তক্ষেপ করলে ফ্রান্স সিদ্ধান্ত নেয় নতুন একটি চলচ্চিত্র উত্সব আয়োজনের। সেই সিদ্ধান্তের ফলে ১৯৩৯ সালে প্রথম আয়োজন করা হয়েছিল কান চলচ্চিত্র উত্সব। কিন্তু মাত্র একটি চলচ্চিত্র প্রদর্শনীর পর দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় সে উত্সব। ছয় বছর বন্ধ থাকার পরে ১৯৪৬ সালে আবার চালু হয় কান চলচ্চিত্র উত্সব। ১৯৪৮ এবং ১৯৫০ সালে অর্থনৈতিক মন্দার কারণে বন্ধ থাকে পৃথিবীর সবচেয়ে জমজমাট এই চলচ্চিত্র উত্সব। ১৯৫০ সালে কান চলচ্চিত্র উত্সবকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত চলচ্চিত্র উত্সব হিসেবে ঘোষণা করা হয়। ১৯৫২ সালে ফ্রান্সের এই শহরটিকে স্থায়ীভাবে কান চলচ্চিত্র উত্সবের আয়োজন স্থল হিসেবে নির্ধারণ করা হয়। সেরা চলচ্চিত্রের পুরস্কার হিসেবে ১৯৫৫ সালে যোগ হয় পালমে ডি’অর বা গোল্ডেন পাম। এরই মধ্যে পৃথিবীর সব বড় বড় তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছে ফ্রান্সের কান শহর। আর তাদের রং বেরঙের পোশাকে যেন আরো বর্ণিল হয়ে উঠেছে ফ্রান্সের এই পর্যটন শহরটি। তাদের উপস্থিতিতে এই শহরটি যেন রীতিমতো উত্সবের স্থানে পরিণত হয়েছে। সব চলচ্চিত্র ভক্তদের চোখ এখন ফ্রান্সের এই শহরটিতে। ১৪-২৫ মে ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের কান চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে মোট ১৮টি, আনসার্টেন রিগার্ড ক্যাটাগরিতে ২০টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে থাকছে ৮টি চলচ্চিত্র। উদ্বোধনী ছবি হিসেবে ছিল ‘গ্রেস অব মোনাকো’। উপস্থাপক হিসেবে ছিলেন ল্যামবার্ট উইলসন এবং জুরি বোর্ডের প্রধান হিসেবে ছিলেন নিউজিল্যান্ডের পরিচালক জেন চ্যাম্পিয়ান। ২৫ মে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনের জন্য এবারের পালমে ডি’অর ২৪ মে এবং আনসার্টেন রিগার্ড পুরস্কার ২৩ মে প্রদান করা হবে।
কান চলচিত্র উত্সবে এবারে আলোচিত কেট ব্ল্যানচেট
অষ্টাদশী কেট ব্ল্যানচেট মিসরে বেড়াতে গিয়ে প্রথম অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন। ‘এক্সট্রা’র চরিত্রে গিজগিজে ভিড়ের একজন হয়ে অভিনয় করেছিলেন ব্ল্যানচেট। অথচ এই ৪৪ বছর বয়সী অভিনেত্রী এ সময়ে অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছেন। মাত্র ক’দিন আগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন গোল্ডেন গ্লোবে। ‘ব্লু জেসমিন’ ছবির জন্য এবারের অস্কারের দৌড়েও তিনি সবার সামনে আছেন বলেই জানা গেছে। ষষ্ঠবারের মতো অস্কার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ২০০৪ সালে জিতেছেন ‘দি অ্যাভিয়েটর’ ছবির জন্য। বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও লাভ করেছেন কেট। এবারের কান চলচ্চিত্র উত্সবে এরই মধ্যে লালগালিচায় দেখা গেছে জেন ফন্ডা, নিকোল কিডম্যান, কেট ব্ল্যানচেট, অঁদ্রে ততু, গং লির মতো বড় মাপের অভিনেত্রীদের। মনে হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বড় চমক আসছে কান উত্সবের লালগালিচায়।
