প্রখ্যাত সংগীত পরিচালক, শিল্পী, সুরকার বশীর আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত শিল্পীবৃন্দের উদ্যোগে সংগীতানুষ্ঠান হয়েছে। গত ১৮ মে সন্ধ্যায় সুর সম্র্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভা মেয়র মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সংগীতানুরাগী রফিক উদ্দিন ভূইয়া প্রমুখ।
বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদের সংগীত পরিচালনায় এবং সাংবাদিক আল আমীন শাহীনের উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পী বশীর আহমেদের কণ্ঠের বিভিন্ন কালজয়ী গান পরিবেশন করেন শিল্পী ফিরোজ আহমেদ, সরকার ফরিদ আহমেদ, ফারুক আহমেদ পারুল, আনিসুল হক রিপন, মো. শাহজাহান, মুকুল চৌধুরী, সুব্রত সাহা, মো. কামাল হোসেন, মোজাম্মেল চৌধুরী, ছায়েদুল হক। যন্ত্রশিল্পী ছিলেন সারেফিন, সুদীপ্ত সাহা মিঠু, মো. রুবেল, বাবুল মালাকার। অনুষ্ঠান শুরুতে শিল্পী বশীর আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটি দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শিল্পী সমাজের পক্ষে বক্তব্য রাখেন আনিছুল হক রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর সভা মেয়র মো. হেলাল উদ্দিন বলেন, ‘সংগীতাঙ্গনে শিল্পী বশীর আহমেদ যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের দেশের মৌলিক গান, ফেলে আসা দিনের জনপ্রিয় গান, গায়কসহ শিল্পীদের স্মরণীয় করতে এমনই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
