ক্ষুদে গানরাজরা পরবর্তীতে আর নিজের নামের সাথে ক্ষুদে তকমাটা রাখতে চান না। যেমন নওমীর আগে পড়শী ক্ষুদে গানরাজ দিয়ে প্রতিষ্ঠা পেলেও যেন ভুলে থাকতে চান নিজের কৃতজ্ঞতা সূত্রের প্লাটফর্ম। তাতে নাকি নিজেকে বড় ভাবতে অসুবিধে হয়! তাই বিশেষণ ক্ষুদে হলেও নওমী এরইমধ্যে নিজের অবস্থানটা বেশ বড় আকারেই করে নিয়েছেন। এই মুহূর্তে তার ব্যস্ততা চলছে টিভি চ্যানেলের ঈদের প্রোগ্রামগুলো নিয়ে ও তার দ্বিতীয় একক অ্যালবামের প্রস্তুতি নিয়ে। সম্প্রতি দেশ টিভির রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানের শুটিং করলেন নওমী, আর এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেতে যেমন ভালোবাসি, তেমনি রান্না করতেও ভালো লাগে। আর রান্নার অনুষ্ঠান মানেই তো বিভিন্ন ধরনের আইটেম।’
টিভিতে এ ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়া যেন স্রেফ তারকা পরিচয়ের আরও খানিকটা ব্যাপ্তির জন্য। এছাড়া টিভি প্রযোজকেরাও সহজে পাওয়া তারকাদেরকেই রাখেন।
তবে নওমীর ক্যারিয়ার ব্যস্ততা এখন রন্ধনশিল্পে নয়, গান নিয়ে। ২০১২ সালে প্রথম একক অ্যালবাম রিলিজ পাওয়ার পর এবার হাতে নিয়েছেন তার দ্বিতীয় একক অ্যালবামের প্রস্তুতির কাজ। অ্যালবাম প্রসঙ্গে নওমী বলেন, ‘এই মুহূর্তে অ্যালবামের প্রস্তুতি চলছে। এখনও কোনো কিছু ফাইনাল করা হয়নি। সবকিছু প্রস্তুতি শেষ হলে শ্রোতাদের জানাব।’
