বুগতি হত্যা মামলা

মোশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আপডেট : ২১ মে ২০১৪, ২২:০৪
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে বুগতি হত্যা মামলায় পরবর্তী শুনানির জন্য তাকে আদালতে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। দেশটির সন্ত্রাস বিরোধী আদালত মঙ্গলবার এ আদেশ প্রদান করে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। —খবর টাইমস অব ইন্ডিয়ার। বেলুচিস্তানের উপজাতীয় নেতা আকবর বুগতি (৭০) ২০০৬ সালে সেনাবাহিনীর অভিযানে নিহত হন। এ অভিযোগে মোশাররফের বিরুদ্ধে পরবর্তীতে হত্যা মামলা দায়ের হয়। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার আদালতে ওইদিন শুনানিকালে আদালতের পক্ষ থেকে বলা হয়, পরবর্তী শুনানির জন্য পারভেজ মোশাররফকে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। এর আগে তিনি পাঁচবার আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন। এ কারণে তাকে এবার আবার আদালতে উপস্থিত হতে সমন জারি করা হয়। বিচারক তারিক কানসি ১৬ জুন পর্যন্ত মামলার শুনানি মূলতবি ঘোষণা করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব খান শেরপাও এবং বেলুচিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মির শোয়েব নসুররেওয়ানি অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার জন্য আদালতে আবেদন জানান।