এমএইচ ৭০ :প্রকাশ করা হবে উপগ্রহের তথ্য
মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর নিখোঁজ বিমান যাত্রীদের স্বজনদের দাবির মুখে উপগ্রহ থেকে পাওয়া ফ্লাইট এমএইচ ৭০-এর সর্বশেষ তথ্য ও ছবি প্রকাশ করা হবে। জানিয়েছে, মালয়েশিয়া সরকার ও বৃটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমারস্যাট। এমন এক সময় এই ঘোষণা এলো, যখন সিআইএ ও বোয়িং কর্পোরেশনকে জড়িয়ে মাহাথির মোহাম্মদের বক্তব্যে নতুন বিতর্ক দানা বেঁধে উঠেছে। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইনমারস্যাট মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছে, স্বচ্ছতা নিশ্চিত করে ভারত মহাসাগরে অনুসন্ধান এলাকা কমিয়ে আনতেই উপগ্রহ থেকে পাওয়া তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে কবে কীভাবে এসব তথ্য প্রকাশ করা হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু তারা জানায়নি। —ডয়চেভেলে
‘সামরিক আইন প্রত্যাশিত ছিল’
কথাটা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার। দেশটির সেনাবাহিনীর সেখানে সামরিক আইন জারির পর নিজের টুইটারে এভাবেই প্রতিক্রিয়া জানান থাকসিন। তবে এটা যেন গণতন্ত্রকে ধ্বংস না করে। সামরিক আইন জারির পর মঙ্গলবার ব্যাংককের রাস্তায় নামে থাই সেনারা। তারা ব্যাংককে বিক্ষোভরত পদচ্যুত থাই প্রধানমন্ত্রী ইংলাক ও তার ভাই থাকবিন সিনাওয়াত্রার লাল শার্ট, সমর্থকদের ঘিরে রেখেছেন। চলতি মাসের প্রথম দিকে আদালতের রায়ে ইংলাক সিনাওয়াত্রা সরকারের পতনের বিরোধিতা করে আসছে লাল শার্ট সমর্থকরা। —ডয়চেভেলে
মোদি বিরোধী টুইট করে বিপাকে
ভারতীয় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মত প্রকাশ করেছেন অনেক তারকাই। এমনকি তারকাদের ভুয়া অ্যাকাউন্ট খুলেও নির্বাচন নিয়ে নানা মন্তব্য প্রকাশের ঘটনাও ঘটেছে। তবে নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট করে রীতিমত বিপাকে পড়েছেন রানঝানা ও তান্নু ওয়েডস মান্নু খ্যাত অভিনেত্রী সোয়ারা ভাস্কার। মোদির নেতৃত্বে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর ২০০২ সালে গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গার প্রসঙ্গ তুলে টুইট করেন এই অভিনেত্রী। কিন্তু এর ফল ভালো হয়নি। টাইমস অফ ইন্ডিয়া বলছে, সোয়ারার টুইটের ওপর বিদ্বেষমূলক কমেন্টের বন্যা বইয়ে দেন মোদিভক্তরা।
