তাড়াইলে দুই সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৬০

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১১
বুধবার কিশোরগঞ্জের তাড়াইলে পৃথক দুটি সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আজিজুল হক ও হাদিছ মিয়ার লোকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর ছোট ভাই নজরুল হক নান্নু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা চালালে একাধিক মামলার আসামি আলী আকবরের লোকজনের হামলার শিকার হয়ে তারাও আহত হন। সংঘর্ষে আহতদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই দিনে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের লাখপুর গ্রামে হাজী হেলাল উদ্দিন ও সহোদর মুছা মিয়া শশুর বড়ির লোকদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের মা রহিমা খাতুনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী দুই ছেলের হাত থেকে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলার সময় আরও অন্তত ৯ জন আহত হন।