‘তুহিন নিখোঁজের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই’

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১১
যশোরের বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিন নিখোঁজের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি করেছেন যুবলীগের কেন্দ্রীয় উপ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। একইসাথে নিখোঁজের ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে তিনি উল্লেখ করেন, তুহিন নিখোঁজ হওয়ার ১৪ মাস পর একটি মহল এটি নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে। লিখিত বক্তব্যে মেয়র লিটন বলেন, বেনাপোলের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র-১) তুহিন ২০১৩ সালের ৭ মার্চ শার্শা-১ আসনের সংসদ সদস্য আফিল উদ্দিনের ন্যাম ফ্ল্যাট থেকে ফেরার পথে নিখোঁজ হন। এদিন বেনাপোল পৌরসভার মাসিক সভা ছিল। এরপর তার সন্ধান দাবিতে পৌর পরিষদ মানববন্ধন, ১০ মার্চ থেকে টানা এক মাস এক ঘণ্টা করে কর্মবিরতি, পৌর এলাকার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থানে সন্ধান করেন; কিন্তু আজও তার কোনো খোঁজ মেলেনি। মেয়র লিটন বলেন, এ অবস্থায় ১৪ মাস পরে ২০১৪ সালের ১৮ মে তুহিনের পরিবার এক সংবাদ সম্মেলনে তুহিনের নিখোঁজের বিষয়টির সঙ্গে র্যাবের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করে। একইসাথে একটি মহলের দ্বারা প্রভাবিত হয়ে মেয়র লিটনের সংশ্লিষ্টতা রয়েছে বলেও তারা পরোক্ষভাবে উল্লেখ করে। লিটন জানান, তুহিন তার বন্ধু এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। তুহিনের পরিবারের বর্তমান অভিযোগ সংবাদ মাধ্যমে দেয়া আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত।