অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জেডিনাক

আপডেট : ২১ মে ২০১৪, ২২:২৩
মিডফিল্ডার মাইল জেডিনাক ব্রাজিল বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন। বুধবার তাকে অজিদের নিয়মিত অধিনায়ক লুকাস নেইলের উত্তরসূরী হিসাবে ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের নেতা ও দীর্ঘকালীন অধিনায়ক নেইলকে আগেই এ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ। ব্রাজিল বিশ্বকাপে সকারুজ হিসাবে অভিহিত অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে আসার আগেই ইকুয়েডোরের বিরুদ্ধে দেশটির সর্বশেষ প্রীতি ম্যাচেই তার হাতে ‘আর্মব্যান্ড তুলে দেয়া হয়েছিল। এখন তার সহকারী হিসাবে থাকছেন অভিজ্ঞ টিম কাহিল ও মার্ক ব্রেসিয়ানো। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান কোচ আনগে পোস্টেকগলু বলেছেন, ‘বিশ্ব ফুটবলের অন্যতম কঠিন ক্লাব প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে জেডিনাক ক্রিস্টাল প্যালেসের নেতৃত্ব দিয়েছেন। তার এই অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। অস্ট্রেলিয়ান ফুটবল এবং একইসাথে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার সব যোগ্যতা তার মধ্যে আছে। বর্তমানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সে নিজেকে নিয়ে যেতে পেরেছে। তবে এজন্য তাকে বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। আমি নিশ্চিত ব্রাজিলে সে সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী দলকে নেতৃত্ব দিতে পারবে। এছাড়া অস্ট্রেলিয়ান ফুটবলের সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার টিম কাহিল এবং মার্ক ব্রেসিয়ানো তার সাথে আছে। আমি বিশ্বাস করি একটি শক্তিশালী নেতৃত্বের অধীনেই আমরা ব্রাজিলে যাচ্ছি।’-বাসস