বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের হত্যাকাণ্ড ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা বেরিয়ে এসেছে। মূল হোতারা চিহ্নিত হয়েছে। ফেনীর ঘটনাও বের হয়ে আসছে। কারা প্রকৃত অপরাধী তাও বের হয়ে আসবে। নারায়ণগঞ্জসহ সারাদেশে গুম, খুন, বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় আন্তর্জাতিক ও জাতীয়ভাবে নিন্দিত হচ্ছে সরকার।
তিনি উল্লেখ করেন, সেখানকার সংসদ সদস্য নিজাম হাজারী এবং একরামুল হক একরামের মধ্যে কোন্দল চলে আসছিল। নিজাম হাজারীর অনেক গোপন বিষয় একরামুল হক ফাঁস করে দিচ্ছিলেন। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারে না। সেখানে তাদের দ্বারা এ ধরনের ঘটনা ঘটবে তা পাগলেও বিশ্বাস করবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন - বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। পরে তিনি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাদিউল কবির নিরবকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে যান।
